বালাত গ্রামে একাত্তরের স্মৃতিচারণে আবেগতাড়িত রাষ্ট্রপতি
সোলার সামিটে যোগ দিতে ভারতে চারদিনের সফরে রয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্ত কাছাকাছি পূর্ব খাসি পার্বত্য জেলার ছোট্ট গ্রাম বালাত সফর করেন তিনি। এই গ্রামে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তার অবস্থানের স্মৃতিচারণ করে তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। দীর্ঘ ৪৭ বছর পর তার এই সফর সফরে তিনি স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন এবং ভারতের মেঘালয় ও আসাম রাজ্যের বিভিন্ন জায়গার স্মৃতিচারণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ লিবারেশন ফোর্সের (মুজিব বাহিনী) একজন সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের মেঘালয় রাজ্যের গুঘাট, মৈলাম ও বালাতে আশ্রয় নেয়া বাংলাদেশি যুবকদের তৎকালীন পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে মুক্তি সংগ্রামের চেতনায় সংগঠিত করেছিলেন। শুক্রবার বিকেলে বালাত গ্রামে তাকে অভ্যর্থনা জানাতে আসা লোকদের আবদুল হামিদ বলেন, ‘আজ আমার এখানে বঙ্গবন্ধুর ডাকে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দিনগুলোর কথা মনে পড়ছে। এখানে আসতে আমার অনেক দেরি হয়ে গেল... কিন্তু স্মৃতি আজও আমাকে আবেগতাড়িত করে তুলে।’ রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি মেঘালয়ের টেকেরহাট,...