৫ লাখ লোক সমাগমের প্রস্তুতি আওয়ামী লীগের | চট্টগ্রামে প্রথমবারের মত নগরীর বাইরে রাজনৈতিক জনসমাবেশ

জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ–উত্তর ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ জন্য আগামী ১০ মার্চ মুসলিম হলে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথভাবে বর্ধিত সভা আহবান করেছে। আগামী ২১ মার্চ পটিয়া হাই স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভা্য় প্রধান অতিথির বক্তব্য দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই জনসভায় ৫ লাখ লোকের সমাগম ঘটাতে চান আওয়ামী লীগের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়ায় জনসভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এবারের জনসভাকে সবদিক দিয়ে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলের নেতাকর্মী, রাজনীতি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কারণ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বিভাগীয় শহরগুলোতে জনসভা করছেন। এই জনসভাকে ঘিরে থাকছে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পও। এই কারণে প্রধানমন্ত্রীর জনসভা সংশ্লিষ্ট বিভাগ এবং জেলাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চট্টগ্রামে উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রী সর্বশেষ জনসভা করেছিলেন ২০১৩ সালের ২৯ আগস্ট ফটিকছড়িতে। এরপর চট্টগ্রামে উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রী আর কোন জনসভা করেনি। প্রধানমন্ত্রীর জনসভা দক্ষিণ জেলায় অনুষ্ঠিত হলেও চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা আওয়ামী লীগ এই জনসভা সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এ ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ আজাদীকে জানান, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধানমন্ত্রীর জনসভাকে আমরা স্মরণকালের বৃহত্তম জনসভায় রূপ দিতে চাই। এজন্য আমরা দক্ষিণ জেলা, উত্তর জেলা এবং মহানগর আওয়ামী লীগ যৌথভাবে বর্ধিত সভা করবো ১০ মার্চ। এই বর্ধিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন। তিন জেলা কমিটির মিটিংয়ের পর আমরা দক্ষিণ জেলা আলাদা ভাবে প্রস্তুতি সভা করবো। এরপর উপজেলা পর্যায়েও মিটিং হবে। জনসভার মাঠ প্রসঙ্গে তিনি বলেন, এটি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ। যদিও সবাই বলে থাকেন এটা পটিয়া কলেজ মাঠ। এই মাঠসহ আশেপাশে ৫ লাখেরও বেশি মানুষের সমাগম হবে।
প্রধানমন্ত্রীর এই জনসভায় সর্বস্তরের শ্রেণিপেশার মানুষের সমাবেশ ঘটবে।
প্রধানমন্ত্রীর চট্টগ্রামের এই জনসভা প্রথমে নগরীতে হওয়ার কথা ছিল। নগরীর পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্য মেলা চলার কারণে এত বড় আর মাঠ না থাকায় পটিয়ায় প্রধানমন্ত্রীর ইচ্ছায় এই জনসভা হচ্ছে। গত বছর পটিয়ায় প্রধানমন্ত্রী জনসভা করার কথা ছিল। শেষ পর্যন্ত সেটি হয়নি।
Comments
Post a Comment