জাফর ইকবালের ওপর হামলার দিন সকালে শাবি ক্যাম্পাসে যা করছিল ফয়জুল (ভিডিও)
মঞ্চে দাঁড়িয়ে পেছন থেকে ছুরিকাঘাত করার আগে ওই দিন সকাল থেকেই অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে অনুসরণ করছিল হামলাকারী ফয়জুল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে চেতনা-৭১ ভাস্কর্যের কাছে লাগানো সিসিটিভির ফুটেজে তার গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে তাকে নানা ভঙ্গিতে বেশকিছু সেলফি তুলতে দেখা যায়।
বাংলা ট্রিবিউনের বিশ্লেষণে আরও জানা যায়, সকাল ৯টা ৫২মিনিটে (ক্যামেরার টাইম) ফয়জুল বাইসাইকেল চালিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের রাস্তা থেকে ইউনিভার্সিটি সেন্টারের দিকে যায়। এর ঠিকই আগে সকাল ৯টা ৫০মিনিটে (ক্যামেরার টাইম) অধ্যাপক জাফর ইকবাল ‘চেতনা-৭১’ অতিক্রম করে ইউনিভার্সিটি সেন্টারের দিকে আসেন। এসময় তার সঙ্গে ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক জিবেস কান্তি সাহা, একই বিভাগের শিক্ষক রিতেশ্বর তালুকদার, দুই জন পুলিশ এবং পুলিশের একটি গাড়ি যাচ্ছিলো।
এদিন সকালে শাবির কেন্দ্রীয় মিলনায়তনে ইইই বিভাগের এক অনুষ্ঠান হচ্ছিলো। এসময় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল পায়ে হেঁটে এম এ ওয়াজেদ মিয়া (আইআইসিটি) ভবন থেকে গ্রন্থাগার ভবন ও ইউনিভার্সিটি সেন্টারের সামনে দিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের দিকে যাচ্ছিলেন বলে বাংলা ট্রিবিউনকে জানান তার সঙ্গে থাকা শিক্ষকরা। আর সেটা ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও দেখা যাচ্ছে।
[youtube https://www.youtube.com/watch?v=vloU6Xml-VQ]
ইইউ বিভাগের শিক্ষক জিবেস কান্তি সাহা এবং রিতেশ্বর তালুকদার বাংলা ট্রিবিউনকে আরও জানান, আনুমানিক সকাল ১০টার দিকে তারা ইইই বিভাগের এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালের সঙ্গে কেন্দ্রীয় মিলনায়তনে যান। তারপর অনুষ্ঠান শেষে দুপুর ২টা-সোয়া ২টার দিকে একাডেমিক বিল্ডিং বি (ইউনিভার্সিটি সেন্টারের সামনে) এর পাশের টং-এ (খাবারের দোকান) স্যারের সঙ্গে চা পান করেন। পরবর্তীতে বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে মুক্তমঞ্চের অনুষ্ঠানে আসেন। হামলার ঘটনাস্থল মুক্তমঞ্চটি ‘চেতনা-৭১’ থেকে ১মিনিটের পায়ে হাঁটার রাস্তা, দূরত্ব প্রায় ১৫০ মিটার।
উল্লেখ্য, গত শনিবার (৩ মার্চ) বিকাল ৫টা ৪০ মিনিটে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ড. জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান ওরফে ফয়জুল। ঘটনাস্থলেই শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। এদিকে আহত ড. জাফর ইকবালকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নিয়ে আসা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
Comments
Post a Comment