মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট
রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস আলী মোল্লা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজুর রহমান এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার এই আগুন লাগে ইয়াসিন আলী বস্তিতে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আগুন লাগার পর দুই ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তা নিয়ন্ত্রণে আনা যায়নি।জানা গেছে, শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে ভোর সাড়ে ৫টার দিকে আরও তিনটি ইউনিট যোগ দেয় তাদের সঙ্গে। সর্বশেষ সোমবার (১২ মার্চ) ভোর ৬টার দিকে আরও চারটি ইউনিটসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বস্তির সব ঘরই পুড়ে যেতে পারে আগুনে।
জানা গেছে, প্রায় ৭০ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ইলিয়াস আলী মোল্লা বস্তিটি। প্রায় সাত হাজার টিনের ঘর রয়েছে এই বস্তিতে।এতে বাসিন্দার সংখ্যা প্রায় ২৫ হাজার।
Comments
Post a Comment