সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন এক হাজারের অধিক কওমী মাদরাসার আলেম
আগামীকাল সোমবার একাযোগে এক হাজার ১০ জন কওমী মাদরাসার আলেম সরকারি চাকরিতে যোগ দেবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় এক সাথে এতজন কওমী আলেম সরকারী চাকরিতে যোগ দিতে যাচ্ছেন।
ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কওমী নেসাবের শিক্ষক হিসেবে যোগ দেবেন এই আলেমরা।
সোমবার সকাল ১০টায় কওমী আলেমদের যোগদান অনুষ্ঠান হবে জানিয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন বলছে, “বাংলাদেশের ইতিহাসে এক সাথে এত কওমী আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।”
সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর তিন দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন কওমী আলেমরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে বেলা আড়াইটায় ওই কর্মশালার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
Comments
Post a Comment