দেশের প্রতিটি মানুষ এখন বিশ্ব নাগরিক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, গত চার দশকে বাংলাদেশের সার্বিক আর্থ-সামাজিক চিত্রে চোখ ধাঁধানো পরিবর্তন ঘটেছে। বদলে গেছে বিশ্বও, প্রবেশ করেছে বিশ্বায়নের যুগে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও প্রবেশ করেছে সেখানে। ক্রমে দেশের প্রতিটি মানুষ এখন বিশ্ব নাগরিকে পরিণত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রসায়ন বিভাগ আয়োজিত শহীদ ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহার ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ‘জোহা স্মারক বক্তৃতা-২০১৮’ তে তিনি এসব কথা বলেন।
‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের নতুন প্রজন্ম’ শীর্ষক প্রবন্ধে স্মারক বক্তা ছিলেন ইউজিসি চেয়ারম্যান।
তিনি বলেন, বিশ্বের অনেক সম্পদশালী দেশ ঔপনিবেশিক শক্তির লাগামহীন শোষণের কারণে চরম দারিদ্র্যের স্বাদ পেয়েছে। ভারত উপমহাদেশ ও চীন তার উৎকৃষ্ট উদাহরণ। অন্যদিকে আফ্রিকা মহাদেশের সম্পদ লুণ্ঠন ছিল লাগামহীন। এই সব লুণ্ঠিত সম্পদ দিয়ে গড়ে উঠেছে আধুনিক ইউরোপ।
তরুণ প্রজন্মকে জনসম্পদে রুপান্তর হওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক আবদুল মান্নান বলেন, অন্যের মেধার সঙ্গে নিজের মেধাকে যোগ করে মিথষ্ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মেধাকে সমষ্টির মেধায় রুপান্তর করতে হবে। নতুন প্রজন্মকে শুধু জ্ঞান আহরণ করলেই হবে না, শিখতে হয় কীভাবে সেই কলাকৌশল রপ্ত করতে হবে। মেনে নিতে হবে আজকের মেধা বা জ্ঞান কাল তামাদি হয়ে যাওয়ার সম্ভাবানার কথা।
রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল খালেক, অধ্যাপক ড. এম সাইদুর রহমান খান, বর্তমান ভিসি অধ্যাপক ড. এম আবদুস সোবহান, প্রো-ভিসি অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে অন্য বক্তারা ১৮ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি জানান।
প্রসঙ্গত, ১৯৬৯ সালে গণঅভ্যূত্থানকালে ১৮ ফেব্রুয়ারি রাবির প্রধান ফটকের সামনে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের রিডাল ড. মুহম্মদ শামসুজ্জোহা। তিনি দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী।
Comments
Post a Comment