প্রধানমন্ত্রী শনিবার ফিরছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার দেশে ফিরবেন। ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনব্যাপী সরকারি সফর শেষে আজ সকালে রোম থেকে দুবাই এসে পৌঁছেছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাত (ইউএই)-এর রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর শনিবার সন্ধ্যায় দেশে ফিরে আসবেন।’
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান বৃহস্পতিবার সকালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এর আগে স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোররাত ৩টা) আবুধাবির উদ্দেশে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তাকে বিদায় জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা (ইফাদ)-এর প্রেসিডেন্ট গিলভার্ড হুয়াংবো’র আমন্ত্রণে ইফাদের পরিচালনা পর্ষদের বার্ষিক বৈঠকে যোগ দিতে ইতালি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে তিনি ভ্যাটিকান সিটি সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিনের সঙ্গে বৈঠক করেন। বাসস।
Comments
Post a Comment