ঈদ বোনাস চান সংসদ সদস্যরা
সংসদের বৈঠকে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদ ইউনুস আলী সরকার এমপিদের জন্য ঈদ বোনাস দাবি করেছেন। এ সময় তার সহকর্মীরা টেবিল চাপড়ে এই দাবির প্রতি সমর্থন জানান।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের মোতাহার হোসেন, এম এ মালেক, গোলাম মোস্তফা, আবদুল মালেক, গোলাম মোস্তফা বিশ্বাস, হোসনে আরা লুৎফা ডালিয়া, ইলিয়াস উদ্দীন মোল্লা, ফজিলাতুন নেসা ইন্দিরা, রহিমা আক্তার, অ্যাডভোকেট নাভানা আক্তার, আখতার জাহান, শামসুন্নাহার বেগম ও জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন।
গাইবান্ধা-৩ আসনের (সাদুল্যাপুর-পলাশবাড়ী) সংসদ সদস্য ইউনুস আলী ঈদ বোনাস দাবি করে বলেন, 'বলা হয়, এমপিরা চোর। তারা নাকি টিআর-কাবিখার টাকা চুরি করে। কিন্তু এখানে এমন অনেক সদস্য আছেন, যারা ১২০ টাকার লুঙ্গি পরেন।'
ইউনুস আলী বলেন, 'আমরা বোনাস পাই না। পেনশনও পাই না। অনেক স্তর পার হয়ে আমাদের এখানে আসতে হয়। আমরা কেন অন্যদের তুলনায় পিছিয়ে থাকব? '
Comments
Post a Comment