কোতোয়ালী থানার চৌহদ্দির ভেতরই চট্টগ্রামে একরাতে দুই কর্মচারী খুন
কোতোয়ালী থানা এলাকায় আধা কিলোমিটারের মধ্যে একরাতে দুটি খুনের ঘটনা ঘটেছে। এতে এক সেলুন কর্মচারী এবং এক হোটেল ম্যানেজার নিহত হয়েছেন। গলায় গুরুতর ছুরিকাঘাত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো একজন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ থেকে রাত ২টার দিকে ঘটনা এ হত্যাকাণ্ড ঘটে। সেলুন কর্মচারী খুনের ঘটনায় জসিম নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত দুজন হলেন, আলকরণ এলাকার সেলুন কর্মচারী মুবিন (২৫) ও নিউ মার্কেট এলাকার হোটেল হান্নান আল ফয়েজের ম্যানেজার রফিক (৫০)। আহত হয়েছেন একই হোটেলের কর্মচারী আনোয়ার।
হোটেল হান্নান আল ফয়েজ পরিদর্শনে গেলে হোটেলের মালিক ও কর্মচারীরা জানায়, নিহত ম্যানেজার রফিক গত চার বছর ধরে এই দায়িত্বের পাশাপাশি স্টোর কিপারের দায়িত্বও পালন করতেন। তার সঙ্গে থাকতেন আহত একই হোটেলের কর্মচারী আনোয়ার। তাদের সঙ্গে হোটেলের ভেতর রাতে থাকতেন গত মাসে যোগ দেয়া কর্মচারী সঞ্জয় ত্রিপুরাও। রাতের কোন এক সময়ে রফিক ও আনোয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সঞ্জয়। একই সঙ্গে হোটেলের ক্যাশ থেকে ৫০ হাজার টাকা চুরি করারও অভিযোগ তার বিরুদ্ধে মালিক পক্ষের। ঘটনার পর থেকে সঞ্জয় পলাতক থাকায় তাকেই অভিযুক্ত করছে পুলিশ ও হোটেল মালিক।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জসিম নামে এক গ্রাহক চুল কাটাতে জনি হেয়ার কাটিং সেলুনে আসে। চুল কাটার পর দরদাম নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সেলুন কর্মচারী মোমিনের সঙ্গে। রাত ১১টার দিকে সেলুন থেকে দেখিয়ে নেয়ার কথা বলে জসিম ঘটনাস্থল ত্যাগ করে। এরপর রাত ১২টার দিকে রাজু নামের এক বন্ধুকে নিয়ে ওই সেলুনে গিয়েছিলেন জসিম। এসময় তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে সেলুনের ক্ষুর দিয়ে মোমিনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মোমিনের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনার পর থেকে রাজু পলাতক রয়েছেন।
মোমিন খুনের রহস্যের কিছুটা কূলকিনারা হলেও মেশিনারি মার্কেটের হোটেল কর্মচারী রফিকের খুনের বিষয়ে এখনো জট খোলেনি।
অন্য কর্মচারীরা জানিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও হোটেলের ভেতর বিছানা করে ঘুমিয়েছিলেন রফিক। এসময় আনোয়ার ও সঞ্জয় নামের আরো দুজন ঘুমিয়েছিলেন। ভোররাত পাঁচটার দিকে পুলিশ রফিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘নিউমার্কেট এলাকায় হোটেল ম্যানেজার রফিক (৫০) ও আলকরণ এলাকায় সেলুন কর্মচারী মুবিন (২৫) ছুরিকাঘাতে খুন হয়েছেন। হোটেলের ঘটনায় কাউকে আটক করা না গেলেও সেলুন কর্মচারী খুনের ঘটনায় জসিম নামে একজনকে আটক করা হয়েছে। হোটেল ম্যানেজার খুনিকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
Comments
Post a Comment